দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

গেজেট প্রতিবেদন

ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহরে ভূমিকম্প মোকাবিলায় বিদ্যমান প্রস্তুতি কেমন, তা দ্রুত খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। নির্দেশনার পাশাপাশি দুর্যোগপ্রবণ এলাকায় দ্রুত আগাম বার্তা পৌঁছানো এবং আশ্রয়কেন্দ্রগুলোর সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জোর সুপারিশও করে কমিটি।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম, এমপি-এর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনসহ সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, এস এ জিন্নাহ কবীর, নাদিয়া পাঠান পাপন, মোসাম্মৎ শাম্মী আক্তার, এ টি এম আজহারুল ইসলাম এবং মুহাম্মদ আলী আছগার অংশ নেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর সদস্য ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রম এবং বিগত ছয় মাসের অগ্রগতি তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

বৈঠকে ঢাকাসহ সারাদেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্প মোকাবিলায় বর্তমান প্রস্তুতি কেমন, তা পরবর্তী সভায় কমিটিকে জানানোর সুপারিশ করা হয়। পাশাপাশি দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে দ্রুততম সময়ে আগাম বার্তা পৌঁছানোর কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জেলাভিত্তিক আশ্রয়কেন্দ্র ও স্বেচ্ছাসেবকদের হালনাগাদ তালিকা তৈরি করে স্থানীয় সংসদ সদস্যদের কাছে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এ বৈঠকে। এছাড়া সরকারি সকল সাহায্য-সহযোগিতা ও ত্রাণ বরাদ্দ সঠিকভাবে বিতরণ নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। একই সঙ্গে দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্রগুলোকে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও ব্যবহারোপযোগী রাখা এবং নির্মাণকাজে ঠিকাদাররা যাতে কোনোভাবেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে না পারে, সেজন্য কঠোর নজরদারির সুপারিশ করেছে কমিটি।

এর আগে সভাপতির বক্তব্যে মুন্সী রফিকুল আলম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তিনি আন্দোলনে আহতদের প্রতি সমবেদনা জানান।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, সংসদ সচিবালয়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন