প্রেক্ষাগৃহের পর ৮ অক্টোবর হইচইতে ‘প্রেশার কুকার’

বিনোদন ডেস্ক

রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছিল সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগেই। চার নারীকে কেন্দ্র করে নির্মিত গল্প, নায়কবিহীন পোস্টার এবং ঢাকাকে নারীদের জন্য ‘প্রেশার কুকার’ হিসেবে দেখানোর ভাবনা- সব মিলিয়ে ছবিটি নিয়ে ছিল আলাদা আলোচনা। এবার প্রেক্ষাগৃহের পর ওটিটিতে মুক্তির পালা।

রায়হান রাফী জানিয়েছেন, আগামী ৮ অক্টোবর বিশ্বব্যাপী হইচইয়ে মুক্তি পাবে ‘প্রেশার কুকার’। সামাজিক মাধ্যমে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করে তিনি লিখেছেন, ঢাকার চাপে চার নারীর জীবনে জমে ওঠে বিস্ফোরণ। শহরে যখন নিঃশ্বাস নেওয়াটাই কঠিন হয়ে ওঠে, তখন শেষ পর্যন্ত কে বাজাবে ‘প্রেশার কুকার’-এর সিটি, সেই প্রশ্নই সামনে রেখেছেন নির্মাতা।

২০২৬ সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এর গল্পে ঢাকার শহুরে জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংকটের মধ্য দিয়ে চার নারীর আলাদা আলাদা জীবনকে তুলে ধরা হয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। ছবিতে আরও রয়েছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, মিশা সওদাগর, গাজী রাকায়েতসহ অনেকে। চঞ্চল চৌধুরীকে দেখা গেছে বিশেষ উপস্থিতিতে।

‘প্রেশার কুকার’-এর গল্প বলার ধরনও প্রচলিত ধারার চেয়ে আলাদা। একাধিক চরিত্র ও গল্পকে পাশাপাশি এগিয়ে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত সেগুলোকে একটি জায়গায় মিলিয়ে দেওয়ার হাইপারলিংক ন্যারেটিভ ব্যবহার করেছেন রায়হান রাফী। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এটি পুরোপুরি আর্ট ফিল্মও নয়, আবার প্রচলিত বাণিজ্যিক সিনেমাও নয়। বরং দুই ধরনের নির্মাণের মাঝামাঝি অবস্থানে রেখে গল্প বলার চেষ্টা করা হয়েছে।

তবে ‘প্রেশার কুকার’ শুধু নারী চরিত্রের উপস্থিতির কারণেই আলোচনায় আসেনি। সিনেমাটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত নির্মাতা তারেক মাসুদকে। রায়হান রাফী জানিয়েছেন, তারেক মাসুদের সিনেমা দেখেই চলচ্চিত্র নির্মাণে অনুপ্রাণিত হয়েছেন তিনি। তাই নিজের প্রথম প্রযোজিত সিনেমার সঙ্গে প্রিয় নির্মাতার প্রতি এই শ্রদ্ধা জুড়ে দেওয়াকে তিনি যথাযথ মনে করেছেন।

সিনেমাটির পোস্টারে ‘মাটির ময়না’র আবহ ও তারেক মাসুদের প্রতি শ্রদ্ধার বিষয়টিও উঠে আসে। বিশেষ করে মুক্তি ও প্রচারণার সময় নির্মাতা ‘মুক্তি’র ধারণাটিকে সিনেমাটির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, ছবির প্রতিটি চরিত্রই কোনো না কোনোভাবে নিজের জীবনের চাপ থেকে মুক্তির পথ খুঁজতে থাকে।

এবার সেই আলোচিত সিনেমাটিই প্রেক্ষাগৃহের গণ্ডি পেরিয়ে পৌঁছে যাচ্ছে ওটিটিতে। রায়হান রাফীর ঘোষণা অনুযায়ী, আগামী ৮ অক্টোবর থেকে বিশ্বব্যাপী হইচইয়ে দেখা যাবে ‘প্রেশার কুকার’। ফলে যারা প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারেননি, তাদের জন্য এবার ঘরে বসে চার নারীর সেই চাপ, সংকট আর বিস্ফোরণের গল্প দেখার সুযোগ তৈরি হচ্ছে।

খুলনা গেজেট/উউরা




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন