শুভশ্রীর হাতে চুমু, ইধিকাকে যত্ন—দেবের ‘ন্যাকামো’ নিয়ে তুমুল সমালোচনা

বিনোদন ডেস্ক

পুজোয় মুক্তি পেতে যাচ্ছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’। ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে। সম্প্রতি ত্রিপুরায় সিনেমাটির প্রচারে হাজির হয়েছিলেন দেব, শুভশ্রী, ইধিকা পাল ও অনির্বাণ ভট্টাচার্য। সেখানেই সহশিল্পীদের সঙ্গে দেবের কিছু মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর তা নিয়েই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে দেবের দুই পাশে ছিলেন শুভশ্রী ও ইধিকা। শুভশ্রী নিজের কপাল টিস্যু দিয়ে মুছছিলেন। তখন দেব তার হাত থেকে টিস্যু নিয়ে শুভশ্রীর কপাল মুছে দেন। একইভাবে পাশে থাকা ইধিকার কপালও টিস্যু দিয়ে মুছে দিতে দেখা যায় তাকে।

এই দৃশ্য অনেকের কাছে দেবের যত্নশীল আচরণ হিসেবে ধরা পড়লেও সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অংশ বিষয়টিকে ভিন্নভাবে দেখছে। সমালোচনা আরও বাড়ে, যখন মঞ্চে হাঁটু গেড়ে শুভশ্রীর হাতে চুমু দিতে দেখা যায় দেবকে।

ভিডিও ও ছবিগুলো ছড়িয়ে পড়ার পর মন্তব্যের ঘরে কেউ কেউ দেবের এই আচরণকে ‘নাটক’ ও ‘পাবলিসিটি স্টান্ট’ বলে মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘নাটকের শেষ নেই।’ আরেকজনের মন্তব্য, ‘দেব, শাহরুখ হওয়ার চেষ্টা করো না, তুমি পারবে না হতে। তোমাকে সিরিয়াসলি প্লেবয় লাগছে।’

আরেক নেটিজেন লিখেছেন, ‘ন্যাকামো আর গেল না। সিনেমা চালানোর জন্য কী না করতে পারে!’

কেউ কেউ দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্রর প্রসঙ্গও টেনে এনেছেন। একজন প্রশ্ন করেছেন, ‘রুক্মিণী দিদি কিছু বলছে না?’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘পাবলিসিটি স্টান্ট আর নাটক করেও মুভি চলবে না, সে যতই ঢং করো।’

শুধু দেব নয়, শুভশ্রীকেও কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশ। দেব-শুভশ্রীর পুরোনো সম্পর্কের প্রসঙ্গ টেনে কেউ কেউ তাদের বর্তমান পর্দার রসায়ন নিয়েও নানা মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, ‘দেশু ৭’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন দেব। ছবিটি নিয়ে তার প্রত্যাশাও অনেক। সিনেমাটি একটি অ্যাকশন-রোমান্টিক গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এবং আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দেব ও শুভশ্রীর অনস্ক্রিন জুটির শুরু ২০০৯ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে। ছবিটি করতে গিয়েই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’ ও ‘খোকাবাবু’-সহ একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এই জুটি।

তবে ২০১৩ সালে ‘খোকা ৪২০’ মুক্তির পর তাদের সম্পর্কে ভাঙন ধরে। পরবর্তীতে ২০১৫ সালে তারা আবারও ‘ধূমকেতু’ সিনেমায় জুটি বাঁধেন। দীর্ঘ সময় আটকে থাকার পর সিনেমাটি ২০২৫ সালের ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সংসার করছেন। অন্যদিকে দেবের সঙ্গে অভিনেত্রী ও মডেল রুক্মিণী মৈত্রর সম্পর্কের কথা দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে রয়েছে। বাস্তব জীবনের দীর্ঘ বিরতির পর পর্দায় দেব-শুভশ্রীর নতুন জুটি ঘিরে দর্শকদের আগ্রহ তাই স্বাভাবিকভাবেই বাড়ছে।

খুলনা গেজেট/উউরা




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন