ঘর সাজানোর সাধারণ ভুল, যা নষ্ট করে পুরো সৌন্দর্য

লাইফ স্টাইল ডেস্ক

ঘর সুন্দর করে সাজাতে কে না চান! নতুন পর্দা, পছন্দের কুশন, বাহারি আলো কিংবা সুন্দর কিছু ইনডোর প্ল্যান্ট-সব মিলিয়ে নিজের ঘরটাকে একটু অন্যরকম করে তুলতে চেষ্টা করেন অনেকেই। কিন্তু এত কিছু করার পরও কখনও কখনও ঘর দেখায় অগোছালো, ছোট কিংবা ভারী। তখন প্রশ্ন জাগে, সমস্যা কোথায়?

আসলে ঘর সাজানোর সময় আমরা বেশ কিছু ছোট ভুল প্রতিদিনই করে থাকি। এগুলো খুব সাধারণ হলেও ঘরের পুরো আবহটাই বদলে দিতে পারে। তাই সাজানোর আগে এই ভুলগুলো একবার দেখে নিন।

প্রয়োজনের চেয়ে বেশি আসবাব রাখা
ঘরের জায়গা যতটুকু, তার তুলনায় বেশি আসবাব রাখার প্রবণতা অনেকেরই আছে। বড় সোফা, সেন্টার টেবিল, আলমারি, শোকেস, সব একসঙ্গে রাখলে ঘর ভরে যায়। হাঁটার জায়গাও কমে আসে।ঘর সুন্দর দেখাতে সব জায়গা আসবাব দিয়ে ভরাট করার প্রয়োজন নেই। বরং কিছুটা ফাঁকা জায়গা রাখলে ঘর দেখতে অনেক বেশি খোলামেলা ও পরিপাটি লাগে।

ছোট ঘরে বড় আসবাব বেছে নেওয়া
ছোট ঘরের জন্য বিশাল সোফা বা অতিরিক্ত বড় ডাইনিং টেবিল বেছে নিলে জায়গা আরও ছোট মনে হতে পারে। আসবাব কেনার আগে ঘরের মাপ নেওয়া জরুরি। ঘরের আকারের সঙ্গে মানানসই আসবাবই পুরো সাজকে ভারসাম্যপূর্ণ করে।

সব জিনিস এক জায়গায় সাজানো
শোকেস, তাক কিংবা টেবিলের ওপর অনেকগুলো শোপিস পাশাপাশি সাজিয়ে রাখলে জায়গাটি ভারী দেখায়। প্রতিটি জিনিসই সুন্দর, তাই সব একসঙ্গে রাখতেই হবে না। কিছু জিনিস রেখে বাকিগুলো সরিয়ে রাখুন। মাঝে ফাঁকা জায়গা থাকলে সাজের প্রতিটি জিনিস আলাদাভাবে চোখে পড়বে।

রঙের অতিরিক্ত ব্যবহার
একই ঘরে অনেক রং ব্যবহার করলে কখনও কখনও সাজে সামঞ্জস্য থাকে না। দেয়াল, পর্দা, সোফা, কুশন, কার্পেট ও শোপিসের আলাদা রং হলে চোখে ব্যস্ততা তৈরি হয়। দুই বা তিনটি মূল রং বেছে নিয়ে তার সঙ্গে মিলিয়ে ছোটখাটো ডেকোরেশন ব্যবহার করলে ঘর অনেক বেশি নান্দনিক দেখায়।

আলোকে গুরুত্ব না দেওয়া
শুধু সিলিং লাইটের ওপর নির্ভর করাও ঘর সাজানোর একটি সাধারণ ভুল। পর্যাপ্ত আলো না থাকলে সুন্দর আসবাব বা ডেকোরেশনও ঠিকভাবে ফুটে ওঠে না। দিনের আলো যতটা সম্ভব ঘরে ঢুকতে দিন। পাশাপাশি টেবিল ল্যাম্প, ফ্লোর ল্যাম্প কিংবা উষ্ণ আলোর ছোট বাতি ব্যবহার করলে ঘরে আরামদায়ক আবহ তৈরি করা যায়।

সব দেয়াল ভরে ফেলা
দেয়াল খালি দেখলেই ছবি, ঘড়ি, আয়না বা ওয়াল ডেকোর লাগানোর দরকার নেই। প্রতিটি দেয়াল ভরে ফেললে ঘর অনেক সময় ভারী ও ব্যস্ত মনে হয়। একটি বড় ছবি কিংবা কয়েকটি মিলিয়ে সাজানো ফ্রেমই অনেক সময় যথেষ্ট। সাজে ফাঁকা জায়গারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ব্যবহারিক দিক ভুলে যাওয়া
শুধু দেখতে সুন্দর হলেই কোনো জিনিস ঘরের জন্য ভালো হয়ে যায় না। সোফার সামনে চলাচলের জায়গা নেই, টেবিল এমন জায়গায় রাখা হয়েছে যে প্রতিদিন ধাক্কা লাগে, কিংবা দরজার পাশে বড় শোপিস রাখা, এসবই পরে বিরক্তির কারণ হতে পারে।তাই ঘর সাজানোর আগে ভাবুন, প্রতিটি জিনিস ব্যবহার করতে কতটা সুবিধা হবে।

ছোট জিনিসের অগোছালো স্তূপ
রিমোট, চার্জার, বই, প্রসাধনী কিংবা ছোটখাটো প্রয়োজনীয় জিনিস টেবিলের ওপর ছড়িয়ে থাকলে পুরো ঘরটাই অগোছালো লাগে। ছোট ঝুড়ি, বক্স বা ট্রে ব্যবহার করে এগুলো নির্দিষ্ট জায়গায় রাখুন।

পর্দা ও কার্পেটের মাপে ভুল
খুব ছোট পর্দা কিংবা ঘরের তুলনায় ছোট কার্পেট ব্যবহার করলে সাজে একটা অসম্পূর্ণ ভাব আসে। পর্দা, কার্পেট ও আসবাবের মাপ একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি।

ঘর সাজানোর জন্য বেশি জিনিস নয়, সঠিক জিনিস প্রয়োজন। কিছুটা ফাঁকা জায়গা, মানানসই রং, পর্যাপ্ত আলো আর ব্যবহারিক বিন্যাস,এই কয়েকটি বিষয় ঠিক রাখলেই সাধারণ ঘরও হয়ে উঠতে পারে আরামদায়ক ও নান্দনিক।

খুলনা গেজেট/উউরা




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন