তৃণমূল আমলের পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে তল্লাশি ইডির। ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর টিকিট চড়া দামে বিক্রি করে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, সেই মামলার তদন্তেই মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাত সকালে অভিযান চালায় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
মঙ্গলবার সাতসকালে শহরের ১৫টি ঠিকানায় হানা দেয় ইডির একাধিক দল। তার মধ্যে রয়েছে তৃণমূল আমলের মন্ত্রী ইন্দ্রনীল সেনের কসবার বাড়ি, হিন্দুস্তান পার্কে তাঁর আত্মীয়ের বাড়ি এবং হাইল্যান্ড পার্কের এক ইভেন্ট ম্যানেজারের বাড়ি। ইডি আধিকারিকরা ঢোকার আগেই বাড়িগুলি চারিদিক থেকে ঘিরে ফেলেছে কেন্দ্রীয় জওয়ানরা। জানা গিয়েছে, প্রাক্তন মন্ত্রীকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইডির দাবি, বাংলার দুর্গাপুজো ২০২১ সালে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পরই শুরু হয়েছিল অন্য এক খেলা। সেই বিশ্বমানের আন্তর্জাতিক সংস্থার নাম অপব্যবহার করে প্রি-পূজা ও প্রিভিউ শোয়ের চড়া দামের টিকিট বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ ওঠে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রী মধুছন্দা সেনের বিরুদ্ধে।
অভিযোগ, ইউনেস্কোর হেরিটেজ পাওয়ার ঠিক এক বছর পরেই (২০২২ নাগাদ) একটি বিশেষ সংস্থা গড়ে তোলা হয়, যার নেপথ্যে ছিলেন মন্ত্রীর স্ত্রী মধুছন্দা সেন। সংস্থাটির কাজ ছিল দুর্গাপুজো শুরু হওয়ার আগেই দর্শনার্থীদের বিশেষ ‘প্রি-পূজা টিকিট’ বিক্রি করা। কলকাতার নামজাদা প্রায় ২৪টি পুজোকে বেছে নিয়ে একটি মিউজিয়াম বা প্রদর্শনীতে তাদের থিম ও শিল্পকর্ম দেখানো হত। সংস্থাটি দাবি করত, এই উদ্যোগ ইউনেস্কোর সঙ্গে যৌথভাবে নেওয়া হয়েছে।
খুলনা গেজেট/এনএম

