এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতাদের বাঁধায় যুবদল নেতা রাশিকুল আনাম রাশু হত্যা সন্দিগ্ধ আসামি আল আমিনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত রবিবার রাতে নগরীর দৌলতপুর থানার দেয়ানা উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন রাশুর পরিবারের সদস্যরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত ৮টার দিকে রাশু হত্যা মামলার সন্দেহভাজন আসামি আল আমিনকে গ্রেপ্তার করতে দেয়ানা উত্তরপাড়া বাড়িতে যায় সাদা পোশাকের পুলিশের একটি টহল দল। বাড়ির নারী সদস্যরা তাদের বাঁধা দেয় এবং গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চায়। কিন্তু গোয়েন্দা পুলিশের সন্দিগ্ধ আসামি হওয়ায় তাদের কাছে পরোয়ানা ছিল না। তখন থানা থেকে পোশাকধারী পুলিশ পাঠানো হয়। তখন আল-আমিনের পরিবার ও স্বজনরাও বাইরে বের হয়ে এসে পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়ায়। আল-আমিনের স্বজন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতিসহ কয়েকজন নেতা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের আসার কারণ জানতে চায়। এর মধ্যে আল-আমিন বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায়।
৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত হোসেন লাভলু বলেন, ওয়ারেন্ট ছাড়া এক ছেলেকে ধরতে এসেছিল পুলিশ। এলাকার মহিলারা তাদের বাঁধা দিয়েছে।
দৌলতপুর থানার ওসি মুরাদুল ইসলাম বলেন, আল আমিন রাশু হত্যা মামলার সন্দিগ্ধ আসামি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে আটক করতে গিয়েছিল পুলিশ। অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ফিরে আসতে হয়েছে।
খুলনা গেজেট/এনএম

