রান্নাঘরে এমন কিছু জিনিস রয়েছে, যেগুলো প্রায় প্রতিদিন ব্যবহার করা হয়। তেলের বোতল তার মধ্যে অন্যতম। রান্নার সময় তেল ঢালতে গিয়ে বোতলের গায়ে দু-এক ফোঁটা তেল পড়ে যাওয়া খুবই স্বাভাবিক। কিন্তু একদিনের সেই সামান্য তেলই ধীরে ধীরে বোতলের গায়ে চিটচিটে আস্তরণ তৈরি করে। তার সঙ্গে ধুলা-ময়লা আটকে গেলে পরিষ্কার রান্নাঘরের মাঝেও তেলের বোতরিটিকে বেশ অপরিষ্কার দেখায়।
সমস্যা হলো, তেলের বোতলের এই আঠালো ভাব শুধু দেখতে খারাপই নয়, নিয়মিত পরিষ্কার না করলে সেটি ধরতেও অস্বস্তিকর হয়ে ওঠে। তাই বোতল পরিষ্কারের কাজটি ফেলে না রেখে কয়েকটি সহজ কৌশল মেনে চলুন। এতে অল্প সময়েই বোতল হয়ে উঠবে পরিষ্কার ও ঝকঝকে।
গরম পানি দিয়ে
প্রথমে বোতলে থাকা তেল অন্য একটি পরিষ্কার পাত্রে ঢেলে নিন। এরপর বোতলের ভেতরে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। গরম পানি বোতলের ভেতরে লেগে থাকা তেলের আস্তরণ কিছুটা আলগা করতে সাহায্য করে। যদি অনেক দিন ধরে বোতলের ভেতরে তেল জমে থাকে, তাহলে শুধু পানি ঢেলে সঙ্গে সঙ্গে ফেলে দেবেন না। কিছুক্ষণ রেখে দিন। এরপর পানি ফেলে আবার ভালোভাবে ধুয়ে নিন।
ঢাকনা ও বোতলের মুখ ভুলবেন না
বোতলের বাইরের অংশ পরিষ্কার করলেও অনেক সময় ঢাকনা ও মুখের চারপাশে জমে থাকা তেল চোখ এড়িয়ে যায়। অথচ এই জায়গা থেকেই তেল আবার বোতলের গায়ে ছড়িয়ে পড়তে পারে। তাই পরিষ্কার টিস্যু পেপার, কিচেন টাওয়েল বা কাপড় দিয়ে বোতলের মুখ, ঢাকনা এবং আশপাশের অংশ ভালোভাবে মুছে নিন।
ডিশওয়াশিং লিকুইড ব্যবহার করুন
চিটচিটে তেলের আস্তরণ তুলতে ডিশওয়াশিং লিকুইড বেশ কার্যকর। গরম পানিতে অল্প ডিশওয়াশিং লিকুইড মিশিয়ে বোতলের ভেতরে দিন। এরপর ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ ভালোভাবে ঝাঁকিয়ে নিন। এতে ভেতরে লেগে থাকা তেল আলগা হতে সাহায্য করবে। বোতলের মুখ যদি যথেষ্ট বড় হয়, তাহলে বোতল পরিষ্কারের ব্রাশ ব্যবহার করে ভেতরের অংশও ঘষে নিতে পারেন।
লেবু বা সাদা ভিনিগার দিয়ে করুন
ডিশওয়াশিং লিকুইড দিয়ে পরিষ্কার করার পর পরিষ্কার পানিতে সামান্য লেবুর রস মিশিয়ে বোতলটি আবার ধুয়ে নিতে পারেন। চাইলে পানিতে অল্প সাদা ভিনিগারও ব্যবহার করা যায়। এতে তেলের গন্ধ ও অবশিষ্টাংশ দূর করতে সাহায্য করবে। তবে ভিনিগার ও অন্য কোনো ক্লিনিং কেমিক্যাল একসঙ্গে মেশাবেন না। সবশেষে পরিষ্কার পানি দিয়ে বোতলটি ভালোভাবে ধুয়ে ফেলুন।
শুকিয়ে নিয়ে তবেই তেল রাখুন
বোতল ধোয়ার পর সেটি সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। বোতলের ভেতরে পানি বা আর্দ্রতা রয়ে গেলে নতুন করে তেল ভরার পর তা তেলের মান ও সংরক্ষণে সমস্যা তৈরি করতে পারে। তাই বোতলটি উল্টো করে রেখে ভেতর-বাইরের পানি ভালোভাবে শুকিয়ে নিন। পুরোপুরি শুকানোর পরই নতুন তেল রাখুন।
বারবার চিটচিটে হওয়া আটকাবেন যেভাবে
তেলের বোতলের মুখের নিচের অংশে অল্প টিস্যু পেপার বা শোষক কাগজ জড়িয়ে রাবার ব্যান্ড দিয়ে আলতো করে আটকে রাখতে পারেন। তেল ঢালার সময় মুখ দিয়ে বেরিয়ে আসা অতিরিক্ত তেলের কিছুটা এতে শুষে যাবে। তবে টিস্যু ভিজে গেলে দ্রুত বদলে দিতে হবে। চাইলে বোতলের মুখ পরিষ্কার রাখার জন্য নিয়মিত কিচেন টাওয়েল দিয়েও মুছে নিতে পারেন। এভাবে নিয়মিত পরিষ্কার রাখলে তেলের বোতলে মোটা চিটচিটে আস্তরণ জমার সুযোগ কমবে। রান্নাঘরও থাকবে পরিচ্ছন্ন, আর প্রতিদিনের রান্নার সময় তেলের বোতল ধরতেও আর বিরক্ত লাগবে না।
খুলনা গেজেট/উউরা

