৩৯ দিন চিকিৎসাধীন থাকার পর গুলিবিদ্ধ মামুনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

 

খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তের গুলিতে আহত মামুন মীর (৩০) নামে এক যুবক ঘটনার ৩৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত মামুন মীর রূপসা উপজেলার বাগমারা গ্রামের নেয়ামত মীরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি এলাকার একটি সন্ত্রাসী বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৮ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের আবু সালেহীন প্রতিবন্ধী স্কুলের সামনে থেকে দু’জন যুবক মোটরসাইকেলে তুলে নিয়ে মামুনকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। গুলিটি তার বাম চোখে বিদ্ধ হয়। উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরীরে ক্ষতজনিত ইনফেকশন দেখা দেয় এবং সোমবার সকালে তার মৃত্যু হয়। সোমবার রাতে মরদেহ বাড়িতে নিয়ে আসেন স্বজনেরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে জানাজা শেষে পুলিশকে না জানিয়ে বাগমারা দারুস সালাম জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফনের চেষ্টা চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দাফনে বাধা দেয় এবং সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, গুলিবিদ্ধ হওয়া ও মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যরা কোনো অভিযোগ করতে চাচ্ছেন না। তবে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন