গোপালগঞ্জের কাশিয়ানী রেলওয়ে স্টেশন এলাকা থেকে মনির হোসেন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে স্টেশনের সাবেক আর্মি ক্যাম্পের সামনের একটি বিশ্রামাগার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মনির হোসেন কাশিয়ানী উপজেলার মধ্যপাড়া এলাকার রুকু মোল্লার ছেলে।
পরিবারের বরাত দিয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে রবিবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান মনির। সোমবার ভোরে স্টেশনে কর্মরত কর্মচারীরা বিশ্রামাগারের ছাউনির সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতিসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

