গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের চাপায় এক বীর মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পঞ্চবটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের মৃত আমীর আলী মীরের ছেলে বীর মুক্তিযোদ্ধা ওমর মীর (৭৫) এবং একই গ্রামের কুটি মিয়া মোল্লার ছেলে জাহিদ মোল্লা (৫০)।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় জাহিদ মোল্লাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির জানান, রাতে পঞ্চবটি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন ওমর মীর ও জাহিদ মোল্লা। এ সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই বীর মুক্তিযোদ্ধা ওমর মীর নিহত হন এবং জাহিদ মোল্লা গুরুতর আহত হন।

