কোটালীপাড়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মা-বাবার উদ্দেশে সুইসাইড নোট লিখে শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার উনিশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শরিফা ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে এবং কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির পেছনে শরিফাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনেরা। দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ছাত্রীর বোন জানান, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শরিফার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরীক্ষার প্রস্তুতি নিয়ে তিনি বেশ মানসিক উদ্বেগে ছিলেন।

পুলিশ শরিফার পড়ার টেবিল থেকে মা-বাবার উদ্দেশে লেখা একটি চিরকুট উদ্ধার করেছে। তাতে পরীক্ষার প্রস্তুতি শেষ না হওয়া, ফলাফল নিয়ে দুশ্চিন্তা এবং স্বজনদের কাছে ক্ষমা চাওয়ার কথা উল্লেখ রয়েছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন