সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে তিন অবুঝ শিশু। সন্তানদের বিষপান করানোর পর নিজেও বিষপান করেন বাবা শরফত আলী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় শরফত আলীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রজনী লাইন গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় শরফত আলী তার তিন শিশুসন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেন। সকালে বিষয়টি জানতে পেরে প্রতিবেশী ও স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। শরফত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
তাৎক্ষণিকভাবে নিহত তিন শিশুর নাম-পরিচয় ও বয়স জানা যায়নি। কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে, সে বিষয়টিও এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত জানান, ভোরে খবর পেয়ে পুলিশ বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে তিন শিশুর লাশ দেখতে পায়। গুরুতর অসুস্থ পিতাকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন। নিহতদের পরিচয় এবং বিষপানের সুনির্দিষ্ট কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য তিন শিশুর মরদেহ তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে, একসঙ্গে তিন শিশুর মৃত্যুর ঘটনায় রজনী লাইন গ্রাম ও আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কী কারণে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটল, তা জানতে স্থানীয়দের পাশাপাশি পুলিশও তদন্ত শুরু করেছে।
খুলনা গেজেট/এনএম

