যশোরে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় শার্শার এক দম্পতিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যশোরের বিশেষ দায়রা আদালতের (জেলা ও দায়রা জজ) বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন—শার্শার পাকশিয়া শিমুলতলা গ্রামের বাবু মিয়া ও তার স্ত্রী রেখা খাতুন।
মামলার নথিসূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৯ নভেম্বর সন্ধ্যায় বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পাকশিয়া শিমুলতলা গ্রামে বাবু মিয়ার বাড়িতে অভিযান চালান। বিজিবির উপস্থিতি টের পেয়ে স্বামী-স্ত্রী পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ওঠানের চুলার ভেতর থেকে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিজিবির সুবেদার আব্দুস সালাম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করেন; অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্ত দুজনই বর্তমানে কারাগারে রয়েছেন।
খুলনা গেজেট/এএজে

