সাতক্ষীরার শ্যামনগরে মোবাইলে নিষিদ্ধ অনলাইন জুয়া খেলার পর হঠাৎ অসুস্থ হয়ে ইয়াসিন আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার মুন্সিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
মৃত ইয়াসিন আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ইয়াসিন আলী মুন্সিগঞ্জ বাজার বাসস্ট্যান্ডের পাশে মোবারকের চায়ের দোকানে বসে মোবাইল ফোনে অনলাইনে জুয়া খেলছিলেন। একপর্যায়ে তিনি দোকানদার মোবারককে চা দিতে বলেন। কিছুক্ষণ পর অসুস্থ বোধ করলে তিনি দোকান থেকে বের হয়ে বাসস্ট্যান্ডের পূর্ব পাশে একটি বটগাছের নিচে বসে পড়েন। সেখানে হঠাৎ করে তিনি মাটিতে পড়ে যান।
বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ বাজারে ডা. দেব্রত সরকারের চেম্বারে নিয়ে যান। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
তবে মোবাইলে জুয়া খেলার সঙ্গে তার মৃত্যুর সরাসরি সম্পর্ক ছিল কি না, তা জানাতে পারেননি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্ব থাকা চিকিৎসক।
খুলনা গেজেট/এনএম

