সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬৭

আন্তর্জাতিক ডেস্ক

সুদানের পশ্চিম কর্ডোফান রাজ্যে আল-জারা স্বর্ণের খনি ধসে অন্তত ৬৭ জন নিহত হয়েছেন। বুধবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক। বুধবার (১৬ সেপ্টেম্বর) আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিয়ন্ত্রণে থাকা পশ্চিম কর্ডোফানের আল-নুহুদের কাছে খনিটি ধসে পড়ে। এতে ৬৭ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

খনিতে শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও উদ্ধার সরঞ্জাম না থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সুদান ডক্টরস নেটওয়ার্ক বলেছে, আরএসএফ-নিয়ন্ত্রিত এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা, সুরক্ষা সরঞ্জাম ও উদ্ধার উপকরণ ছাড়াই খনন কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এতে খনিশ্রমিকসহ বেসামরিক মানুষের জীবন সরাসরি ঝুঁকির মুখে পড়েছে।

সংস্থাটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার পাশাপাশি দুর্ঘটনা মোকাবিলায় প্রয়োজনীয় চিকিৎসা ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

এ ছাড়া বেসামরিক নাগরিক ও খনিশ্রমিকদের নিরাপত্তার দায়িত্ব নিতে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে অনিয়ন্ত্রিত খনি কার্যক্রম বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সুদানজুড়ে ক্ষুদ্র পরিসরের খনি শিল্পে ২০ লাখের বেশি মানুষ কর্মরত। দেশটির সরকার ক্ষুদ্র পরিসরে খনন নিষিদ্ধ না করলেও খাতটি নিয়ন্ত্রণের চেষ্টা করে আসছে। ঝুঁকিপূর্ণ হলেও বিপুলসংখ্যক সুদানি নাগরিকের জীবিকার অন্যতম উৎস এই খাত।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন