জোড়াফুল প্রতীক কার হাতে থাকবে, তা নিয়ে আইনি ও রাজনৈতিক লড়াই আগেই চরম আকার ধারণ করেছে। সেই প্রতীক যুদ্ধের আবহেই এবার তৃণমূলে তৈরি হল নতুন সংঘাতের অধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের ১০ জন বিধায়কের পদ খারিজের দাবিতে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কালীঘাট শিবির’।
সুপ্রিম কোর্টে ‘স্পেশাল লিভ পিটিশন’ (এসএলপি) দাখিল করার কথা নিজেই সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন কালীঘাট শিবিরের প্রবীণ সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এই আবেদনটি করেছেন। দলবিরোধী কাজের জন্য এর আগে যেভাবে সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছিল, ঠিক একই আইনি পথে হেঁটে এবার রাজ্য বিধানসভার বিধায়কদের সদস্যপদ খারিজ করার আর্জি জানানো হয়েছে দেশের শীর্ষ আদালতে।
আদালতে কাদের সদস্যপদ খারিজের আবেদন জানানো হয়েছে, সেই তালিকাও প্রকাশ্যে এনেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই তালিকায় প্রথম নামটিই রয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। এছাড়া তালিকায় রয়েছে একাধিক বিদায়ী ও বর্তমান হেভিওয়েট মন্ত্রী ও প্রবীণ নেতাদের নাম। যাঁদের মধ্যে রয়েছেন অরূপ রায়, ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, আখরুজ্জামান, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, বিপ্লব মিত্র, জাভেদ খান এবং রথীন ঘোষ।
খুলনা গেজেট/এনএম

