ফিফা সভাপতির প্রার্থিতায় ইনফান্তিনোর সমর্থন প্রত্যাহার বেলজিয়ামের

ক্রীড়া প্রতিবেদক

২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে ফিফা সভাপতি হিসেবে চতুর্থ মেয়াদে জিয়ান্নি ইনফান্তিনোর প্রার্থিতায় দেয়া সমর্থন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ)। একাধিক বিতর্কিত সিদ্ধান্ত ও প্রক্রিয়াগত অসচ্ছতার অভিযোগে বেলজিয়ান ফেডারেশন এই পদক্ষেপ নিয়েছে।

২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড বাতিলের বিতর্কিত সিদ্ধান্ত নেয় ফিফা। এই সিদ্ধান্তের ফলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলার সুযোগ পান তিনি। তবে বেলজিয়ামের করা আপিল কোনো যুক্তি বা স্পষ্ট কারণ না দর্শিয়েই ফিফার আপিল কমিটি ‘অগ্রহণযোগ্য’ বলে খারিজ করে দেয়। বেলজিয়াম এখনো এর কোনো সন্তোষজনক ব্যাখ্যা পায়নি।

এছাড়া ভবিষ্যতে বিশ্বকাপ বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগের সুযোগ দিতে ফিফার মালিকানাধীন ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ গঠনের উদ্যোগ নিয়েছিলেন ইনফান্তিনো। ব্যাপক বিতর্ক, সুশাসনের প্রশ্ন ও তীব্র সমালোচনার মুখে পড়ে পরবর্তীতে পরিকল্পনাটি বাতিল করা হলেও ততদিনে একাধিক জাতীয় ফুটবল সংস্থা ও কনফেডারেশনের সমর্থন হারিয়ে ফেলেন ইনফান্তিনো।

সোমবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আরবিএফএ স্পষ্ট জানায়, ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি দেখে তারা হতাশ। এ কারণে ফিফা সভাপতির প্রার্থিতায় ইনফান্তিনোকে আর সমর্থন দিতে পারছে না তারা। দুই বিষয়েই উয়েফার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার পাশাপাশি ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

আরবিএফএর সভাপতি পাসকাল ভান ডাম জানান, ফিফার সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ হয়েছে। তবে তাদের উত্থাপিত প্রশ্নগুলোর এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। আগামী ১৫ অক্টোবরের ফিফা কাউন্সিল সভার আলোচ্যসূচিতে বালোগানের বিষয়টি অন্তর্ভুক্ত করারও জোর দাবি জানানো হয়েছে।

তিনি বলেন, ‘সংশ্লিষ্ট সব পক্ষের জন্য স্বচ্ছতা ও স্পষ্টতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা প্রয়োজনীয় ব্যাখ্যা চেয়েছি। একই সঙ্গে বর্তমান প্রক্রিয়াগুলো কীভাবে আরও উন্নত করা যায়, সেটিও খতিয়ে দেখতে চাই।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন