‘ভোটার লিস্টে আমার নাম ফিরিয়ে দাও’। এই দাবিতে আগামী ২৫ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন অফিস অভিযান করবে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটি। শনিবার (৫ সেপ্টেম্বর) কলকাতার ইলিয়ট রোডের রাজ্য অফিসে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, ঐদিন সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্যকমিটির পক্ষ থেকে কলকাতার ধর্মতলায় জমায়েত করা হবে। তারপর বিশাল মিছিল করে মহাকরণের কাছে নেতাজি সুভাষ বসু রোডের মুখ্যনির্বাচনী আধিকারিকের অফিসে ডেপুটেশন ও জনসভা করব। আমরা সকল স্তরের মানুষকে সমবেত হওয়ার আবেদন করছি।
নেতৃবৃন্দ আরও বলেন, ২৭ লাখ ভোটারের নাম বাদ গেছে উপযুক্ত ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও। অথচ একই পরিবারের অর্ধেক লোকের নাম রয়েছে। অর্ধেকের নাম নেই। রাষ্ট্র যেখানে নাগরিককে নিরাপত্তা দেবে সেখান রাষ্ট্র নাগরিকের নিরাপত্তা কেড়ে নিচ্ছে। এগুলোর শিকার গরবী ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েরা। ২৭ লাখের মধ্যে ৬৩শতাংশই মহিলা। বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এস আই আর করার নামে মনুবাদী চিন্তাধারাতে মেয়েদের অধিকার কেড়ে নিয়েছে। আর অজুহাত দেখিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী অথবা রোহিঙ্গা চিহ্নিত করতে।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা কণীনিকা ঘোষ, পশ্চিমবঙ্গ রাজ্যকমিটির সাধারণ সম্পাদিকা মোনালিসা সিনহা, রাজ্যসভাপতি জাহানারা খান, সংগঠনের নেত্রী রুপা বাগচি, দীপু দাস প্রমুখ।
এদিন নেতৃবৃন্দ বলেন, তৃণমূলের আমলে ভোট লুট হয়েছে। আর মনুবাদী বিজেপি ভোটার লুট করেছে। এস আই আর প্রক্রিয়া শেষ হল না, ট্রাইবুনাল হিমঘরে চলে গেছে। এস আই আর প্রক্রিয়া শেষ না হতেই লোকগণনা শুরু হয়ে গেছে। এখানে আরো নাগরিক বাদ যাবে। তাতেও শিকার হবে মহিলারাই। আমরা এর একটা বিহিত করবই। আন্দোলনের মাধ্যমে তা ছিনিয়ে আনতে হবে।
খুলনা গেজেট/এএজে

