চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চাঁদাবাজির অভিযোগে হাসিবুর রহমান ফরাজী ওরফে হাসিব খান (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত পৌনে তিনটার দিকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ চট্রগামের হালিশহর থানার নীলাচল আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও ৬টি সিমকার্ড উদ্ধার করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার বেলা ১২টায় মহানগর গোয়েন্দা কর্যালয়ে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নিকট মোবাইল ফোনে হুমকি প্রদান করে সে চাঁদা দাবি করত। এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে তথ্য-প্রযুক্তির সহায়তায় জড়িত সন্দেহভাজন ব্যক্তির অবস্থান চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় শনাক্ত করা হয়।

তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর রাত পৌনে ৩টার দিকে খুলনা গোয়েন্দা পুলিশের একটি টিম চট্টগ্রাম মহানগরীর মধ্যম হালিশহর থানাধীন নীলাচল আবাসিক এলাকা থেকে হাসিবুর রহমান ফরাজী ওরফে হাসিব খানকে গ্রেপ্তার করে। তার হেফাজত হতে ৪টি মোবাইল ফোন ও ৬টি সিম কার্ড উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও সিম কার্ড ব্যবহার করে খুলনার বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে সে চাঁদা দাবি এবং তা না দিলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করত।

উদ্ধার হওয়া ডিভাইস ও সিম কার্ডের কললিস্টসহ ডিজিটাল তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তার বিরুদ্ধে লবণচরা, সোনাডাঙ্গা ও খুলনা সদর থানায় মোট ৬টি মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র আইন, হত্যা, চুরি, মারামারি, চাঁদাবাজি ও হুমকিসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে।

গোয়েন্দা বিভাগের প্রধান আরও বলেন, খুলনায় কোনো সন্ত্রাসীর স্থান হবে না। চাঁদাবাজির সাথে কেউ জড়িত থাকলে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

 

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন