খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করছে। বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৪৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ১৯৪ জন এবং বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ৪৯ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। জেলাভিত্তিক হিসেবে খুলনা জেলায় সর্বোচ্চ ১১৩ জন (সরকারি ৬৪ ও বেসরকারি ৪৯) রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই নতুন করে ভর্তি হয়েছেন ৩৮ জন।
বিভাগের অন্যান্য জেলার মধ্যে যশোরে ২৩, বাগেরহাটে ১৪, মাগুরায় ১৩, কুষ্টিয়ায় ৯, সাতক্ষীরায় ৮ (মেডিকেল কলেজসহ ১৫), ঝিনাইদহে ৬, নড়াইলে ৫, চুয়াডাঙ্গায় ৫ এবং মেহেরপুরে ২ জন নতুন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৫ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৭২৬ জন। পুরো বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ২০ জন, যার মধ্যে কেবল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছেন ১৭ জন।
বর্তমানে খুলনা বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৭০৫ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
খুলনা গেজেট/এএজে

