চুয়াডাঙ্গায় বাস ধর্মঘট প্রত্যাহার

গেজেট প্রতিবেদন

প্রশাসনের সঙ্গে আলোচনা পর চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। শনিবার (২৯ আগস্ট) বেলা ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের সঙ্গে বাস মালিক-শ্রমিক ও ইজিবাইক মালিক-শ্রমিক নেতাদের আলোচনা সভা শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। ফলে চুয়াডাঙ্গার পাঁচটি রুটে বাসচলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত হয়েছে।

উপজেলা ও পৌরসভাভিত্তিক নির্ধারিত রং হলো—চুয়াডাঙ্গা পৌরসভায় কমলা, চুয়াডাঙ্গা সদর উপজেলা (পৌরসভা ব্যতীত) নীল, আলমডাঙ্গা উপজেলায় সবুজ, দামুড়হুদা উপজেলায় খয়েরি এবং জীবননগর উপজেলায় হলুদ।

সভা সূত্রে জানা গেছে, জেলার এক উপজেলার ব্যাটারিচালিত ইজিবাইক অন্য উপজেলায় চলাচল করতে পারবে না। ইজিবাইকগুলোকে উপজেলা ও পৌরসভাভিত্তিক নির্ধারিত রঙে রাঙাতে হবে। এর মাধ্যমে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ইজিবাইকে নির্ধারিত রং না করা হলে প্রশাসনের পক্ষ থেকে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল বলেন, ইজিবাইকের রং ও মারধরের ঘটনায় যে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিলাম। আলোচনার পর প্রশাসনের কাছে সমস্যা সমাধানের আশ্বাস পেয়েছি। তাই শ্রমিক ইউনিয়নের ডাকা কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন থেকে সড়কে বাসচলাচল করবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে এবং বাসচলাচল স্বাভাবিক রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেইসঙ্গে ইজিবাইক চালকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. তারিক-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম. খালিদ হোসেন, পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ উল-ইসলাম, চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মঈনুদ্দিন মুক্তা, জেলা ইজিবাইক রিকশা ও পাখিভ্যান চালক ও মালিক সমবায় সমিতির সভাপতি আবু সাঈদ, সিনিয়র সভাপতি মঞ্জুরুল হকসহ সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, বাস-মিনিবাস শ্রমিকদের ওপর হামলা, মারধর ও বাস আটকে রাখার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা থেকে কর্মসূচি পালন করে চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ। এর ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে চুয়াডাঙ্গা থেকে পাঁচটি রুটে বাসচলাচল বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অনেক যাত্রী বাস না পেয়ে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করেন।

তবে শনিবার দুপুরে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পর শ্রমিক ইউনিয়ন ধর্মঘট প্রত্যাহার করে নেয়। প্রশাসনের আশ্বাস এবং ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণে সিদ্ধান্তের পর পাঁচটি রুটে বাস চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন