যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্তে অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে শিকারপুর বিওপির টহল দল এ অভিযান পরিচালনা করে মাদকের চালানটি জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, ৪৯ বিজিবির অধীনস্থ শিকারপুর বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার মো. আব্দুর রশিদের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল টিম সীমান্তের মেইন পিলার ২৮ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পুকুরপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান মালিকবিহীন ২০ কেজি গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মাদকের চালানটি জমা দেওয়া হয়েছে।
খুলনা গেজেট/এনএম

