সাতক্ষীরায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ও সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলিম (৫০) নামে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে দেবহাটা উপজেলাধীন সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবীশহর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মৎস্য ব্যবসায়ী মো. আব্দুল আলিম সাতক্ষীরার দেবহাটা উপজেলার রামনাথপুর মাঠপাড়া গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার আব্দুল আলিম গাজীরহাট বাজার থেকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পতি মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে দেবহাটা উপজেলাধীন সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবীশহর এলাকায় পৌছালে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী কাজী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের (সিরাজগঞ্জ-ব-১১-০০৮৬) সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেল চালক আব্দুল আলিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কিন্তু অবস্থার অবনতি হতে থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা ব্রিজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১২টার দিকে তিনি মারা যান।

থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি আটক করেছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন