নগরীতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পুলিশ হেফাজতে ৩

নিজস্ব প্রতিবেদক

নগরীর দারোগাপাড়ার একটি বাড়ি থেকে তিনটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একই পরিবারের তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) বিকেলে মহিউদ্দিন সড়কের কেএম ইমতিয়াজ আলীর বাড়ি থেকে তাদের তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

থানা হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন, খান কুব্বাত আলী, তার স্ত্রী শামসুন নাহার ও ছেলে কেএম আবিদ হাসান।

খুলনা থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা টুটপাড়া এলাকার দারোগাপাড়ার কেএম ইমতিয়াজ আলীর বাড়ির দুইতলার ভাড়াটিয়া কুব্বাতের ঘরে অভিযান চালানো হয়। প্রথমে ডাইনিং রুমের চেয়ারের ওপর থেকে একটি পিস্তল পাওয়া যায়। পরে ঘরের বিভিন্নস্থানে তল্লাশি করে আরও দুইটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর পরবর্তীতে সন্ধ্যার দিকে ঘর থেকে দুইটি চাইনিজ কুড়াল, দুইটি চা-পাতিসহ দেশি তৈরি আরও কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রের ভাণ্ডার সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য তাদের তিনজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অস্ত্রের সন্ধান সম্পর্কে তিনি বলেন, সকালে টুটপাড়া এলাকায় তেরখাদা উপজেলার দুলু শেখের ছেলে মাসুদ শেখ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। বিষয়টি নিয়ে তদন্তে নামে পুলিশ। কিন্তু কোথাও খোঁজ পায় না। পরবর্তীতে বিকেলে আবারও মাঠে নামে পুলিশ। এলাকাবাসীর সহায়তায় ওই এলাকার উল্লিখিত মালিকের বাড়ির দোতলায় অভিযান চালিয়ে তাদের ঘর থেকে উল্লিখিত অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন