কিয়েভে রুশ বাহিনীর রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে অভিযানরত রুশ বাহিনী। এতে নিহত হয়েছেন ১২ জন এবং আহত হয়েছেন ৩০ জনেরও অধিক।

এক বিবৃতিতে কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎশ্চকো বলেছেন, নিহত ১২ জনের মধ্যে ৭ জনই রাজধানীর সোলোমিয়ানস্কি এলাকার। সোলোমিয়ানস্কি এলাকার একটি দশতলা ভবনে আঘাত হেনেছিল একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এতে ভবনটি ধ্বংস হয়ে যায় এবং ৭ জন নিহত হন।

টেলিগ্রাম পোস্টে ক্লিৎশ্চিকো বলেছেন, রুখ বাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে বুধবার কিয়েভের আবাসিক-অনাবাসিক ভবন, একাধিক গুদাম, একটি স্কুল এবং শিশুদের একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সোলোমিয়ানস্কি জেলায় একটি শিল্পকেন্দ্রেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানান মেয়র।

ক্ষেপণাস্ত্রের আঘাতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় কিয়েভের প্রায় ৯০ হাজার বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে কিয়েভভিত্তিক বিদ্যুৎ পরিষেবা কোম্পানি ডিটেক জানিয়েছে, ইতোমধ্যে অর্ধেকেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হয়েছে।

ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে বের করে তাঁদের উদ্ধারে তৎপর রয়েছে কর্তৃপক্ষ। উদ্ধারকারীরা ইতিমধ্যে ধ্বংসস্তূপ থেকে একজন জীবিত ব্যক্তিকে উদ্ধার করেছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রায় প্রতি রাতেই কিয়েভে হামলার ঘটনা ঘটছে। কোনো কোনো রাতে এসব হামলায় কয়েক ডজন মানুষের মৃত্যু এবং অনেকে গুরুতর আহত হয়েছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে হামলা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে প্রায় প্রতি রাতেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করছে রুশ বাহিনী।

বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের ড্রোনের সরঞ্জাম উৎপাদন কারখানা, একটি অস্ত্রাগার ও লজিস্টিক কেন্দ্র এবং অন্যান্য স্থাপনা লক্ষ্য করে বুধবার রাতে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বর্তমানে দেশটির প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে, যার বড় অংশই পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায়।

সূত্র : রয়টার্স

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন