আবারও হকিতে বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

গত বছর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। এবারও বয়সভিত্তিক বিশ্বকাপ খেলার মিশন লাল-সবুজের প্রতিনিধিদের৷ আসন্ন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপকে সামনে রেখে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

গতবার অ-২১ দলকে বিশ্বকাপে উঠিয়েছিলেন কোচ মওদুদুর রহমান শুভ। এবারও আছেন দলের সঙ্গে। তার প্রত্যাশা, ‘যুব এশিয়া কাপে আমাদের লক্ষ্য থাকবে ষষ্ঠ স্থান অর্জন করা। টুর্নামেন্টের গ্রুপিং এখনও হয়নি। আমরা বিশ্বকাপের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’

গত আসরে আমিরুল, সামিনের মতো প্রতিভাবান খেলোয়াড়রা ছিলেন। বয়সের কারণে তারা এবার নেই। তবে নতুনদের নিয়েও আশাবাদী কোচ। তিনি বলেন, ‘এই দলেও কয়েকজন মেধাবী খেলোয়াড় রয়েছে। আমরা অনুশীলন করছি। এই দল নিয়ে আশা করা যায়৷’

সেপ্টেম্বরে সিনিয়র দল জাপানে খেলবে এশিয়ান গেমসে। ঐ সময় জুনিয়র দল চীনে অ-২০ টুর্নামেন্টে অংশ নেবে। দুই দলের মধ্যে একাধিক অনুশীলন ম্যাচ হয়েছে। সত্তর থেকে নব্বই দশক পর্যন্ত ফুটবলের পরই ছিল হকির অবস্থান। কালের বিবর্তনে ও নানা সংকটে হকি পিছিয়ে ছিল। গত বছর অ-২১ দল প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ করে নতুন করে আলোড়ন তোলে হকি।

আগামী সেপ্টেম্বর মাসে চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি ২০২৬-এর জন্য ২৪ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। দক্ষ ও অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকান প্রধান কোচ জাইলস বনেটের তত্ত্বাবধানে এই তরুণ দল দেশের হয়ে মাঠে লড়বে।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের স্কোয়াড
গোলরক্ষক: মো. মাহমুদ হাসান, মো. রায়হানুল ইসলাম ও মো. মেহেদী হাসান জিন্নাত।

ডিফেন্ডার: মো: মেহেদী, মো. মুন্না ইসলাম, সুমন্ত চাকমা, মো. সাব্বির রহমান, মো. অমিত হাসান, মো. শামীম আহমেদ, মো. তারেক ইসলাম ও মো. তৈয়ব আলী।

মিডফিল্ডার: মো. তানভীর রহমান সিয়াম, মো. সোহরাব হোসেন ছোটন, মো. আশরাফুল আলম, মো. শিমুল ইসলাম, মো. সাব্বির হোসেন কনক ও মো. বিশাল আহমেদ।

ফরোয়ার্ড: মো. জনি ইসলাম, মো. ইসমাইল হোসেন, মো. আব্দুল্লাহ, মো. মাহাদী হাসান, মো. দ্বীন ইসলাম, মো. রিফাত এবং মো. তাওসান হোসেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন