বাবাকে শেষ বিদায় জানাতে শৈশবের শহরে মেসি

ক্রীড়া প্রতিবেদক

বাবাকে শেষবিদায় জানাতে নিজ শহর রোজারিওতে ফিরেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ চলাকালীন সময়েই জানা গিয়েছিল গুরুতর অসুস্থ লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। লড়ছেন মৃত্যুর সঙ্গে। এরপর শনিবার (৮ আগষ্ট) আর্জেন্টিনার রোজারিওতে দুনিয়ার মায়া ত্যাগ করেন তিনি। কঠিন এই সময়ে পরিবারের পাশে থাকতে এবং বাবাকে শেষবিদায় জানাতে ইন্টার মায়ামির কাছ থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পৌছেছেন আর্জেন্টাইন মহাতারকা। তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানরা।

ছেলের ফুটবলযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সেই মানুষটিকে শেষবারের মতো বিদায় জানাতেই এবার শৈশবের শহরে ফিরলেন মেসি। একই সঙ্গে মা সেলিয়াসহ পরিবারের অন্য সদস্যদের পাশে দাঁড়িয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরু থেকে মেসির পাশে ছায়ার মতো ছিলেন তার বাবা হোর্হে। স্থানীয় সময় সকালে রওনা দিয়ে রাত ৮টার কিছু পর রোজারিওতে পৌঁছান মেসি।

৬৮ বছর বয়সী এই ব্যবসায়ী ও আর্জেন্টাইন অধিনায়কের বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা যায়। তবে তার মৃত্যুর কারণ ও পরিস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মারা যান হোর্হে মেসি। রোজারিওর কাছের শহর পেরেজে হোর্হে মেসিকে সমাহিত করা হবে।

মেসির বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফুটবল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শোকবার্তা এসেছে। মেসির সাবেক ক্লাব বার্সেলোনা, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ, নিজ শহরের রোসারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজসহ বিভিন্ন ক্লাব ও সংগঠন তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

এদিকে মেসিকে এবং তার পরিবারের প্রতি শোকবার্তা জানাতে ভোলেনি তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামি। বিভিন্নভাবে পাশে থাকার বার্তা দিয়েছেন ক্লাব সতীর্থরাও। হোর্হের মৃত্যুর দিনে তারকা খেলোয়াড়কে ছাড়াই লিগস কাপে মন্টেরির বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। গ্যালারিতে সমর্থকেরাও ‘ফোর্সা, লিও’ অর্থাৎ ‘শক্ত থাকো, লিও’ লেখা প্ল্যাকার্ড নিয়ে মেসির প্রতি সমর্থন জানান।

এরপর রদ্রিগো ডি পলের গোলে লিড নেয় ইন্টার মায়ামি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। গোলের পরপরই জার্সি খুলে নিচে পরা মেসির ১০ নম্বর জার্সি দেখান তিনি। ডি পল গোলটি উৎসর্গ করেন জাতীয় দল এবং ক্লাব অধিনায়ক মেসিকে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন