মিশরে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ

ফরহাদ হুসাইন, মধ্যপ্রাচ্য প্রতিনি‌ধি

মিশরের সুয়েজ শহরের কাছে সোমবার (৩ আগস্ট) ভোররাতে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কায়রো সময় রাত প্রায় ৩টার দিকে সুয়েজ থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

ভূমিকম্পের কম্পন শুধু মিশরেই নয়, প্রতিবেশী ফিলিস্তিন, সাইপ্রাস, সৌদি আরব, জর্ডান, লেবানন ও সিরিয়ার বিভিন্ন এলাকায়ও অনুভূত হয়েছে। আকস্মিক কম্পনে আতঙ্কিত হয়ে অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে বেরিয়ে আসেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে, ভূমিকম্পের পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট সংস্থাগুলো মাঠপর্যায়ে কাজ করছে।

ভূমিকম্পটি অনুভূত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দেশের বাসিন্দারা কম্পন অনুভব করার অভিজ্ঞতা শেয়ার করেছেন। বিশেষ করে মিশরের কায়রো, সুয়েজ ও আশপাশের এলাকায় কম্পন স্পষ্টভাবে টের পাওয়া যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো তথ্য নিশ্চিত হয়নি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন