মহারাষ্ট্রে ভবন ধসে নিহত ৬, আহত বহু

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে গভীর রাতে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। আচমকা ধসে পড়ল একটি চারতলা আবাসন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ ভিওয়ান্ডির বালাজি নগর এলাকার কোহিনুর বিল্ডিংয়ে এই বিপর্যয়টি ঘটে।

এই ঘটনায় নিহত হয়েছন ৬ জন, আহত অনেকে। আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিকট শব্দে বাড়িটির একটি বড় অংশ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়াদের বের করে আনতে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান শুরু করেছে প্রশাসন।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা প্রাথমিক উদ্ধারকাজে হাত লাগান। পরবর্তীতে খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স (TDRF), দমকল, পুলিশ এবং স্থানীয় পুরসভার প্রতিনিধিরা। বর্তমানে ডগ স্কোয়াড, একাধিক ফায়ার ইঞ্জিন, অ্যাম্বুল্যান্স ও ভারী আর্থমুভিং যন্ত্র ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। প্রশাসনিক আধিকারিকরা ইতিমধ্যেই ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন (অন্যান্য কিছু সূত্রে নিহতের সংখ্যা অন্তত ৬ বলে দাবি করা হচ্ছে)।

এ ছাড়া উদ্ধার হওয়া আহতদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ধ্বংসস্তূপের ভেতরে এখনও ৪ থেকে ৮ জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে অত্যন্ত সতর্কতার সাথে ধাপে ধাপে উদ্ধারকাজ চালানো হচ্ছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন