যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর গ্রামের সবজি পল্লিতে রাতের আঁধারে দেড় বিঘা জমির সবজির চারা ওষুধ ছিটিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষক আব্দুল মান্নানের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী কৃষক আব্দুল মান্নান জানান, দীর্ঘদিন ধরে তিনি সবজির চারা উৎপাদন করে আসছেন। চারা বিক্রি করে নিজের ভাগ্য বদলের স্বপ্ন দেখেছিলেন তিনি। তবে দুর্বৃত্তদের দেয়া বিষাক্ত ওষুধে এক রাতেই তার সেই স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান, “যশোরের আব্দুলপুর গ্রাম দেশের অন্যতম পরিচিত সবজির চারা উৎপাদন এলাকা। এখানে বিভিন্ন ধরনের সবজির চারা উৎপাদন করা হয়। মাঠের পর মাঠ জুড়ে দেখা যায় চারা উৎপাদনের জমি। বিশেষ করে বাঁধাকপি ও ফুলকপির চারা উৎপাদনের জন্য এলাকাটি পরিচিত।”
আব্দুল মান্নান বলেন, “দেড় বিঘা জমিতে রয়েছে বাঁধাকপি ও ফুলকপির চারা। যে চারা উৎপাদনে তার খরচ হয়েছে ১০ লাখ টাকা। সুষ্ঠুভাবে বিক্রি করতে পারলে ১৫/১৬ লাখ টাকা বিক্রি করতে পারতেন। কিন্তু হঠাৎ রাতের আঁধারে কে বা কারা তার দেড় বিঘা জমির পুরো সবজির চারা ওষুধ স্প্রে করে পুড়িয়ে দিয়েছে। যাতে তার ক্ষতি হয়েছে প্রায় ১৫ লাখ টাকা।”
শাহীন হোসেন নামে অপর এক চারা চাষি বলেন, “আজকে একজনের ক্ষেতের চারা পুড়িয়ে দেয়া হয়েছে, আগামীতে আমাদের পোড়াবে না এর নিশ্চয়তা নেই। এ ঘটনায় গোটা সবজি পল্লীর চারা উৎপাদনকারী কৃষকরা চরম শঙ্কায় রয়েছেন।
ঘটনার পর চুড়ামনকাটি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খুলনা গেজেট/এনএম

