ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন চিত্রনায়িকা মেঘলা মুক্তা। তবে তিনি রাজধানীর কোন হাসপাতালে ভর্তি আছেন, তা এখনো প্রকাশ করা হয়নি। বর্তমানে তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তার টিম।
বুধবার (২৯ জুলাই) মেঘলা মুক্তার ব্যক্তিগত ফেসবুক পেজের অ্যাডমিনের দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সেখানে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের তার জন্য দোয়া ও প্রার্থনার অনুরোধ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মেঘলা মুক্তা একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনি বর্তমানে আইসিইউতে আছেন এবং তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। একই সঙ্গে কোনো যাচাইহীন তথ্য বা গুজব না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে। নতুন কোনো আপডেট পাওয়া গেলে অফিসিয়াল পেজে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।
এর আগে ২৭ জুলাই মেঘলা মুক্তা জানিয়েছিলেন, তার মোবাইল ফোন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকবেন।
র্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা মেঘলা মুক্তা তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’–তে অভিনয় করে আলোচনায় আসেন। পরে তিনি ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ সিনেমায় অভিনয় করেছেন।
খুলনা গেজেট/রুএ

