তিন দশকেরও বেশি সময় ধরে পেশাদার সংগীতে আছেন বাপ্পা মজুমদার। এখনো নতুন মৌলিক গানে তার সমান মনোযোগ। প্রায়ই নতুন গান প্রকাশ করেন। গতকাল উন্মুক্ত করলেন ‘বুড়ো নাবিকের গল্প’। নিজের কথা-সুরে একটি ভিন্ন আঙ্গিকের গল্প শুনিয়েছেন শিল্পী।
‘সিন্ধু নাবিক, ভেবে সব দিক, জলের সাথে নিলো আড়ি/ সেই সে নাবিক, আজ চার দেয়ালে, দেবে না আর দূর পাড়ি/’-এমন কথার গানটি বাপ্পা নিজেই লিখেছেন। সুর-সংগীতেও বরাবরের মতই তিনি।
গানটির অন্তর্নিহিত গল্পে মূলত সন্তানের প্রতি বাবার অন্তহীন দায়িত্ববোধ ও ত্যাগের কথা তুলে ধরেছেন বাপ্পা। গানের ভিডিওতেও সেই আবহ ফুটিয়ে তোলা হয়েছে। ভিডিওটি এআইতে বানিয়েছেন আহাদ অন্তর। গানের রেকর্ডিং ও মিক্স-মাস্টারিং করেছেন আমজাদ হোসেন বাপ্পী।
নতুন গানের পাশাপাশি প্রায়ই ইনস্ট্রুমেন্টাল প্রকাশ করেন বাপ্পা। নিজের ফেসবুক পেজে উন্মুক্ত করেন বিভিন্ন গানের গিটার সলো। তাতে মুগ্ধতা খুঁজে পান শ্রোতারা। এছাড়া সংগীত নিয়ে জ্ঞানমূলক ভিডিও কনটেন্টও প্রকাশ করেন এই শিল্পী।
এদিকে নন্দিত এই শিল্পীকে সম্মান জানিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বিশেষ সংগীতায়োজন। যেখানে তার গানগুলো পরিবেশন করেছেন পরবর্তী প্রজন্মের আট শিল্পী। অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজের গান অন্যদের কণ্ঠে শুনেছেন বাপ্পা। সাধুবাদ জানিয়েছেন আয়োজক ও শিল্পীদের।
খুলনা গেজেট/রুএ

