হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, চাকরির প্রতিশ্রুতি পেলো উপকূলের দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেনের মহানুভবতায় চাকরি পাচ্ছেন শ্যামনগরের দৃষ্টি প্রতিবন্ধী শারমিন আক্তার। রবিবার (২৬ জুলাই) সাতক্ষীরায় তিনটি সরকারি হাসপাতাল পরিদর্শনকালে কর্মসংস্থানের সুযোগ দিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী তরুণী শারমিন আক্তারের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলার কৈখালী এলাকার বাসিন্দা শারমিন আক্তারের শিক্ষাগত যোগ্যতা ও জীবনসংগ্রামের কথা শুনে তাকে আগামী ১ আগস্ট থেকে চাকরির ব্যবস্থা করার ঘোষণা দেন তিনি।

সফরকালে বিকালে সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন শেষে শারমিনের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তার লেখাপড়া, পারিবারিক অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান তিনি। শারমিনের মেধা ও সংগ্রামী জীবন সম্পর্কে অবহিত হওয়ার পর মন্ত্রী তাৎক্ষণিকভাবে তার চাকরির বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

চাকরির আশ্বাস পেয়ে আবেগাপ্লুত শারমিন আক্তার বলেন, আমি খুবই আনন্দিত। এখন আমি আমার অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারব। স্বাস্থ্যমন্ত্রী আমাকে যে সুযোগ দিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসকসহ যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।

এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, শারমিনের সংগ্রামের বিষয়টি অনেক আগেই তার নজরে আসে। শারমিনের পড়াশোনার সময় জেলা পরিষদ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। পরে তার চাকরির বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্যোগ নেওয়া হয়।

হাবিবুল ইসলাম বলেন, শারমিন সুন্দরবন উপকূলের একটি দরিদ্র পরিবারের সন্তান। দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও সে এসএসসি ও এইচএসসিতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে এবং পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তার মতো একজন মেধাবী তরুণীর কর্মসংস্থানের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। আজ স্বাস্থ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে তাকে চাকরির আশ্বাস দিয়েছেন। এটি শুধু শারমিনের জন্য নয়, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্যও একটি ইতিবাচক বার্তা।\

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন