কুষ্টিয়ায় বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে কাওসার (২৫) নামের এক কলেজছাত্র ডুবে নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৫ জুলাই) দুপুরের দিকে কুষ্টিয়া ডিসি পার্কের পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে নেমে পুকুরের মাঝখানে এসে ডুবে নিখোঁজ হয়েছিল ওই কলেজছাত্র।
নিহত কাউসার, পাবনার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে ও কুষ্টিয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের রসায়ন বিভাগের ছাত্র।
বর্তমানে কুষ্টিয়া সদর উপজেলার উদিবাড়ি এলাকায় ভাড়া বাসায় বাবা মায়ের সাথে বসবাস করতেন।
নিহত কলেজছাত্রের বন্ধু শাওন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আমরা গোসলে নামি। পুকুরের এক পাশ থেকে আরেক পাশে আমি সাঁতার কেটে পার হয়ে চলে আসি। পরে পেছনে তাকিয়ে দেখি কাওসার মাঝ বরাবর এসে আমাকে ডাক দিচ্ছে আমাকে বাঁচা। সে মিডিয়াম সাঁতার জানতো। আমি কাওসারের চিৎকারে আবারো লাফ দিয়ে গিয়ে তাকে ধরি। কিন্তু সে নিচের দিকে তলিয়ে যাচ্ছিল। আমি চিল্লায়ে মানুষজনের কাছে ফুটবল চাচ্ছিলাম। পরে আমিও তার সাথে তলিয়ে গভীরে মাটিতে ঠেকে যাই। পরে আমি তাকে ছেড়ে দিয়ে উপরে উঠে এসে সবাইকে খবর দেই।
পরে ঘটনাস্থলে কুষ্টিয়ার ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা শুরু করে। প্রায় দেড় ঘণ্টা উদ্ধার কার্যক্রম পরিচালনার পরে নিখোঁজ ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, পুকুরে ডুবে নিখোঁজের সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা উদ্ধার কার্যক্রমের পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা গেজেট/এএজে

