আর্জেন্টিনাকে ফিফা সভাপতির অভিনন্দন

ক্রীড়া প্রতিবেদক

২০২৬ ফিফা বিশ্বকাপে রানারআপ হওয়ার পর আর্জেন্টিনা জাতীয় দলকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। নিউইয়র্ক-নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের কয়েকদিন পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার কাছে একটি অভিনন্দনপত্র পাঠান। প্রতিবেদন টিওয়াইসি স্পোর্টসের।

এএফএ প্রকাশিত ওই চিঠিতে ইনফান্তিনো লেখেন, ‘গত ১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে স্পেনের বিপক্ষে লড়াই শেষে আর্জেন্টিনা ২০২৬ ফিফা বিশ্বকাপের রৌপ্য পদক অর্জন করেছে। এই গুরুত্বপূর্ণ সাফল্যের জন্য আমি আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

তিনি টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোর জন্যও আর্জেন্টিনার প্রশংসা করেন এবং বলেন, এই অর্জন দেশটির ফুটবলের ধারাবাহিক উন্নতিরই প্রমাণ।

বিশ্বকাপ আয়োজন প্রসঙ্গে ইনফান্তিনো বলেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের এক অবিস্মরণীয় উৎসব হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। দারুণ সব ম্যাচ, নতুন প্রতিভার উত্থান, বিশ্বের সেরা তারকাদের উপস্থিতি এবং দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামের অসাধারণ পরিবেশ এই আসরকে বিশেষ করে তুলেছে। আর্জেন্টিনা দলের দুর্দান্ত পারফরম্যান্স এই বিশ্বকাপকে আরও আকর্ষণীয় ও স্মরণীয় করে তুলেছে এবং বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীকে মুগ্ধ করেছে।’

চিঠিতে ইনফান্তিনো এই সাফল্যের কৃতিত্ব শুধু খেলোয়াড়দের নয়, প্রধান কোচ লিওনেল স্কালোনি, কোচিং স্টাফ, মেডিকেল টিম এবং পুরো টুর্নামেন্টজুড়ে দলকে সমর্থন জানানো সমর্থকদের প্রতিও উৎসর্গ করেন।

ফিফা সভাপতি আরও বলেন, ‘এ ধরনের সাফল্য আসে ধারাবাহিক পরিশ্রম, পেশাদারিত্ব, সূক্ষ্ম পরিকল্পনা, আবেগ, অঙ্গীকার এবং ফুটবলের প্রতি গভীর ভালোবাসা থেকে।’

তিনি বিশ্বাস প্রকাশ করেন, এই পারফরম্যান্স আর্জেন্টিনা ফুটবলের জন্য উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত বহন করছে এবং সামনের দিনগুলোতে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে।

চিঠির শেষাংশে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার উদ্দেশে শুভকামনা জানিয়ে ইনফান্তিনো লেখেন, ‘আগামী প্রতিযোগিতাগুলোর জন্য আপনাকে শুভকামনা জানাই। খুব শিগগিরই আবার দেখা হবে বলে আশা করছি।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন