নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনি মিয়া কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে নড়াগাতী থানার পানিপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত মনি মিয়া উপজেলার চর-জয়নগর গ্রামের বাসিন্দা এবং জয়নগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে পুঠিমারি বাজার থেকে কেনাকাটা শেষে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন মনি মিয়া। পথে পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌঁছালে ওঁত পেতে থাকা একদল সশস্ত্র হামলাকারী তার গতিরোধ করে। পরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। হামলার সময় তার ডান পা হাঁটুর নিচ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। হামলাকারীরা তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
খুলনা গেজেট/এনএম

