গোপালগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা (১৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২১ জুলাই) ভোর রাত ৩টার দিকে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের জনৈক আওলাদ মোল্লার পরিত্যক্ত পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশু রিয়ান মোল্লা মুকসুদপুর উপজেলার কমলাপুর মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে।

আটককৃতরা হলেন, একই গ্রামের দুলাল মোল্লার ছেলে আরিফ মিয়া (২০) ও রবিউল শেখের ছেলে মুরছালিন শেখ (১৬)।

ওসি আবদুল্লাহ আল মামুন জানান, গত রবিবার (১৯ জুলাই) রিয়ান তার দুই সঙ্গী আরিফ ও মুরছালিনকে নিয়ে জনৈক আওলাদ মোল্লার বাগান থেকে ডাব পাড়তে যায়। পরে রিয়ান গাছে উঠে ডাব পারতে গেলে গাছ থেকে পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। এসময় দুই সঙ্গী আরিফ ও মুরছালিন পুকুরে খোঁজাখুঁজি করে রিয়ানকে না পেয়ে বাড়ি ফিরে গেলেও কাউকে কিছু জানায়নি।

কিন্তু রিয়ান আর বাড়ি না ফিরে আসলে পরিবারের সদস্যদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসাবাদ করলে তারা ডাব চুরি ও পুকুরে পড়ে যাওয়ার বিষয়টি জানায়।

এরপর আজ মঙ্গলবার (২১ জুলাই) ভোর রাতে জনৈক আওলাদ মোল্লার বাগানের মধ্যে পরিত্যক্ত পুকুরে খোঁজ করে রিয়ানের মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় স্থানীয়রা আরিফ মিয়া ও মুরছালিন শেখকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন