ওয়ানডেতে প্রথম দুই ম্যাচ হেরেছিল বাংলাদেশ। তবে তৃতীয় ওয়ানডে জিতে কিছুটা হলেও আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি খেলতে নেমেছে টাইগাররা। তবে সংক্ষিপ্ততম ফরম্যাটেও শুরুটা খুব একটা ভালো হয়নি। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বড় সংগ্রহ পেয়েছে জিম্বাবুয়ে।
বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন ব্রায়ান বেনেট। বাংলাদেশের হয়ে ২৬ রানে ৪ উইকেট শিকার করেছেন নাহিদ রানা।
ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পায় জিম্বাবুয়ে। দুই ওপেনার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। চতুর্থ ওভারে তাদিওয়ানাশে মারুমানিকে সাজঘরে ফিরিয়ে ৩৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদ রানা। ৯ বলে ১৪ রান করেন মারুমানি।
তিনে নেমে রানে-বলে ২০ রান করেছেন ডিয়ন মেয়ার্স। তবে এক পাশে রানের চাকা সচল রাখেন বেনেট। ৩০ বলে ৪৪ রান করেছেন তিনি। এরপর সিকান্দার রাজা, রায়ান বার্লরাও ছোট ছোট ইনিংসে দলের রানে অবদান রেখেছেন। শেষদিকে ১০ বলে ১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ব্রাড ইভান্স।
খুলনা গেজেট/এএজে

