হ্যাঁ, এটাই আমার শেষ বিশ্বকাপ : রোনালদো

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের মঞ্চে ক্রিস্টিয়ানো রোনালদোর দীর্ঘ ও গৌরবময় যাত্রার ইতি ঘটল স্পেনের বিপক্ষে হৃদয়ভাঙা এক পরাজয়ে। শেষ ষোলোতে মিকেল মেরিনোর যোগ করা সময়ের গোলে ১-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। তবে এটিই যে তার শেষ বিশ্বকাপ ছিল, তা স্বীকার করলেও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন পর্তুগিজ অধিনায়ক।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ৪১ বছর বয়সী রোনালদো বলেন, বিশ্বকাপ থেকে এভাবে বিদায় নিতে পেরে তিনি ভীষণ হতাশ। তবে নিজের সর্বোচ্চটুকু দিয়ে মাঠ ছেড়েছেন বলেই তার কোনো আক্ষেপ নেই।

পর্তুগিজ তারকা গণমাধ্যমকে বলেন, ‘এভাবে বিশ্বকাপ শেষ হওয়াটা অবশ্যই কষ্টের। আমি আমার সর্বস্ব উজাড় করে দিয়েছি। নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। তাই অন্তত এটুকু বলতে পারি, আমি পরিষ্কার বিবেক নিয়েই বিদায় নিচ্ছি।’

রোনালদো নিশ্চিত করেন, এটিই ছিল তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে এখনই কোনো ঘোষণা দিতে চান না। তিনি বলেন, ‘হ্যাঁ, এটি আমার শেষ বিশ্বকাপ। কিন্তু এখন আমি পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই, সবকিছু নিয়ে শান্তভাবে ভাবতে চাই। আবেগের মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত নিই না।’

পর্তুগালের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে নিজের অর্জন নিয়েও গর্ব প্রকাশ করেন রোনালদো। তিনি মনে করিয়ে দেন, তার আগ পর্যন্ত জাতীয় দল কোনো আন্তর্জাতিক শিরোপা জিততে পারেনি। তিনি বলেন, ‘আমি পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি। ক্রিস্টিয়ানো রোনালদোর আগে পর্তুগাল একটি শিরোপাও জেতেনি।’

বিশেষ করে ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘জাতীয় দলের হয়ে সবচেয়ে বড় অর্জন আমার কাছে ২০১৬ সালের ইউরো জয়। আমার কাছে এর মূল্য বিশ্বকাপ জয়ের সমান।’

এই বিশ্বকাপের পরই পর্তুগালের দায়িত্ব ছাড়ছেন কোচ রবার্তো মার্তিনেজ। বিদায়ী কোচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রোনালদো বলেন, ‘তার সঙ্গে কাজ করতে আমি ভীষণ উপভোগ করেছি। তিনি শুধু একজন অসাধারণ কোচই নন, দারুণ একজন মানুষও। পর্তুগালের জন্য তিনি যা করেছেন, তার প্রশংসা প্রাপ্য। আমি তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানাই।’

বিদায়ের হতাশাও লুকাননি আল-নাসরের এই তারকা। তবে দলের পারফরম্যান্স নিয়ে তিনি গর্বিত। তিনি বলেন, ‘বড় কোনো টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া সবসময়ই কষ্টের। কিন্তু আমি মনে করি, দল হিসেবে আমরা ভালো খেলেছি। ম্যাচটি যেকোনো দিকে যেতে পারত, কিন্তু ফুটবল এমনই। এখন আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।’

শেষ পর্যন্ত হতাশা থাকলেও মাথা উঁচু করেই মাঠ ছেড়েছেন রোনালদো ও তার সতীর্থরা। বিশ্বকাপে তার অধ্যায়ের সমাপ্তি ঘটলেও আন্তর্জাতিক ফুটবলে তার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন