নওয়াপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু

নওয়াপাড়া প্রতিনিধি

যশোরের অভয়নগরে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল মোল্যা (৪০) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের গেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল মোল্যা উপজেলার সিরাজকাঠি গ্রামের বদিয়ার মোল্যার ছেলে। তার স্ত্রী সাগরিকা খাতুন ও ১১ বছর বয়সী ছেলে ও দেড় বছর বয়সী কন্যা সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী জয়নাল বলেন, আজই জুয়েল মোল্যা প্রথম এই কাজে যোগদান করেছিলেন। এদিন বিকেলে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের গেটের ওপর গাঁথুনির কাজ করার সময় হঠাৎ হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং নিচে পড়ে যান। উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্ত্রী সাগরিকা খাতুন জানান, সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর দুপুরে মোবাইল ফোনের মাধ্যমে তিনি দুর্ঘটনার খবর পান। হাসপাতালে এসে তিনি তার স্বামীর নিথর দেহ দেখতে পান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, বিকেল ৪টার দিকে হাইভোল্টেজ বিদ্যুৎস্পৃষ্ট জুয়েল নামে এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন