২০২৬ ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। তিনি মাঠে নামলেই যেন গোল অবধারিত হয়ে গেছে। প্রতি ম্যাচেই প্রতিপক্ষের জাল খুঁজে নিচ্ছেন তিনি। দুর্দান্ত এই ফর্মে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরষ্কার গোল্ডেন বুটেরও অন্যতম দাবিদার তিনি।
গোল্ডেন বুটের এই দৌড়ে আবারও শীর্ষে উঠে এলেন লিওনেল মেসি। কেপ ভার্দের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। এই রিপোর্ট লেখা পর্যন্ত দলের হয়ে একমাত্র গোলটি করেছেন মেসি। ম্যাচের ২৯তম মিনিটে দুর্দান্ত গোল করে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৭-এ। ফলে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলেছেন তিনি।
বর্তমান হিসাব অনুযায়ী, এমবাপ্পে রয়েছেন ৬ গোল নিয়ে মেসির ঠিক পেছনে। অন্যদিকে, ৫ গোল করে লড়াইয়ে আছেন নরওয়ের আর্লি হলান্ড এবং ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন।
এছাড়া ৪ গোল করে তালিকায় রয়েছেন ফ্রান্সের ওসমান দেম্বেলে, ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, সেনেগালের ইসমাইলা সার এবং স্পেনের মিকেল ওইয়ারজাবাল।
৩ গোল করে আরও পেছনে আছেন জার্মানির দেনিজ উন্দাভ, নেদারল্যান্ডসের কোডি গাকপো, মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেসসহ আরও কয়েকজন।
টুর্নামেন্ট যত এগোচ্ছে, ততই জমে উঠছে গোল্ডেন বুটের এই দৌড়। তবে আপাতত শীর্ষে একাই রাজত্ব করছেন লিওনেল মেসি।
খুলনা গেজেট/এনএম

