পর্তুগালকে টপকানো কলম্বিয়ার সামনে ঘানার চ্যালেঞ্জ

ক্রীড়া প্রতিবেদক

গ্রুপ পর্বে চমক দেখিয়ে পর্তুগালকে পেছনে ফেলে গ্রুপসেরা হয়েছে কলম্বিয়া। এবার সেই ছন্দ ধরে রেখে শেষ ষোলোয় ওঠার লক্ষ্য দক্ষিণ আমেরিকার দলটির। তবে তাদের পথ আটকাতে প্রস্তুত আফ্রিকার শক্তিশালী দল ঘানা, যারা সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলোর একটি হিসেবে জায়গা করে নিয়েছে নকআউটে। বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৭টায় কানসাস সিটির মাঠে শেষ বত্রিশের ম্যাচে মুখোমুখি হবে দুদল। এই ম্যাচের বিজয়ী শেষ ষোলোয় খেলবে সুইজারল্যান্ড অথবা আলজেরিয়ার বিপক্ষে।

নেস্তর লরেঞ্জোর অধীনে দারুণ ছন্দে রয়েছে কলম্বিয়া। গ্রুপ পর্বে উজবেকিস্তানকে ৩-১ ও ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারানোর পর শেষ ম্যাচে পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্র করেই সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে তারা। তিন ম্যাচে মাত্র একটি গোল হজম করা কলম্বিয়ার রক্ষণভাগও ছিল টুর্নামেন্টের অন্যতম সেরা। ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল এবং ২০১৮ সালে শেষ ষোলো পর্যন্ত উঠলেও ২০২২ বিশ্বকাপে জায়গাই করে নিতে পারেনি কলম্বিয়া। এবার তাই হারানো মর্যাদা ফিরে পাওয়ার মিশনে বেশ আত্মবিশ্বাসী দলটি।

অন্যদিকে, ঘানার নকআউট যাত্রা সহজ ছিল না। ‘এল’ গ্রুপে পানামাকে হারিয়ে শুরু করলেও ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র এবং শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরে তৃতীয় স্থানে শেষ করে তারা। তবে চার পয়েন্ট নিয়েই সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলোর একটি হিসেবে শেষ বত্রিশ নিশ্চিত করে আফ্রিকার প্রতিনিধিরা। বিশ্বকাপে নকআউট পর্বে খেলার অভিজ্ঞতা অবশ্য ঘানার রয়েছে। ২০০৬ সালে শেষ ষোলো এবং ২০১০ সালে কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে রক্ষণে দৃঢ়তা দেখিয়ে আবারও বড় দলকে চাপে ফেলার সামর্থ্যের প্রমাণ দিয়েছে কার্লোস কুইরোজের শিষ্যরা।

দুদলের এটি হবে বিশ্বকাপে তো বটেই, আন্তর্জাতিক ফুটবলেও প্রথম মুখোমুখি লড়াই। তাই কানসাস সিটির এই ম্যাচে ইতিহাসের নতুন অধ্যায়ও লেখা হবে। কলম্বিয়া পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে যাচ্ছে। লুইস দিয়াজ, লুইস সুয়ারেজ ও জেমস রদ্রিগেজকে নিয়েই সাজানো হবে আক্রমণভাগ। সামান্য চোট কাটিয়ে সুয়ারেজও শুরুর একাদশে ফিরতে প্রস্তুত।

ঘানার সবচেয়ে বড় দুশ্চিন্তা অঁতোয়ান সেমেনিওর ফিটনেস। গোড়ালির চোটে ভুগলেও তার খেলার সম্ভাবনা উজ্জ্বল। গোলরক্ষক লরেন্স আতি জিগি পুরোপুরি সুস্থ না হওয়ায় আবারও পোস্টের নিচে দেখা যেতে পারে বেঞ্জামিন আসারেকে। আর আক্রমণের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ জর্ডান আয়েউ, যিনি জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ৩৪ গোল করেছেন।

গ্রুপ পর্বে আত্মবিশ্বাসী ফুটবল খেলা দুই দলের এই লড়াইয়ে ফেভারিট হিসেবে মাঠে নামবে কলম্বিয়া। তবে বিশ্বকাপের নকআউটে অতীতে বড় বড় দলকে চমকে দেওয়া ঘানাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই মোটেও।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন