ক্রোয়েশিয়ার কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০২৬ ফিফা বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে ২-১ গোলের হারে ক্রোয়েশিয়ার বিদায়ের মধ্য দিয়েই জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেন ৪০ বছর বয়সী এই তারকা।
বিশ্বকাপের শেষ ষোলোয় পর্তুগালের বিপক্ষে লড়াই করে হারার পরই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত জানান মদ্রিচ। দীর্ঘ ক্যারিয়ারে ক্রোয়েশিয়ার মাঝমাঠের প্রাণভোমরা হয়ে ওঠা এই ফুটবলার দেশের হয়ে খেলেছেন ২০১ ম্যাচ, করেছেন ২৯ গোল। তবে সংখ্যার চেয়েও বড় ছিল তার প্রভাব, নেতৃত্ব আর ম্যাচের গতি নিয়ন্ত্রণের অসাধারণ ক্ষমতা।
যুদ্ধবিধ্বস্ত শৈশব পেরিয়ে উঠে আসা মদ্রিচ ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা নাম। ২০১৮ বিশ্বকাপে দলকে প্রথমবারের মতো ফাইনালে তুলে তিনি জিতেছিলেন গোল্ডেন বল। একই বছর ব্যালন ডি’অর জিতে ভেঙেছিলেন মেসি-রোনালদোর দীর্ঘদিনের আধিপত্য। ২০২২ বিশ্বকাপেও ক্রোয়েশিয়াকে সেমিফাইনালে তুলেছিলেন এই মিডফিল্ডার।
ক্লাব ফুটবলেও মদ্রিচের অর্জন ঈর্ষণীয়। টটেনহ্যাম হটস্পারের পর রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে নিজেকে নিয়ে যান অন্য উচ্চতায়। তবে জাতীয় দলের জার্সিতেই সবচেয়ে উজ্জ্বল হয়ে থাকবে তার নাম। ক্রোয়েশিয়াকে বিশ্বমঞ্চে বারবার আলোচনায় আনার পেছনে বড় ভূমিকা ছিল তার।
খুলনা গেজেট/এনএম

