মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

বড় ম্যাচের আগে ব্রাজিলের দুঃসংবাদ

ক্রীড়া প্রতিবেদক

জাপানকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। তবে গুরুত্বপূর্ণ এই জয়ের আনন্দের মধ্যেই দুশ্চিন্তার খবর পেয়েছে সেলেসাও শিবির। দলের মাঝমাঠের অন্যতম ভরসা লুকাস পাকেতা চোটে পড়ায় নকআউট পর্বের পরের ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে প্রতিপক্ষের অর্ধে বল নিয়ে আক্রমণে ওঠার সময় ডান উরুতে ব্যথা অনুভব করেন পাকেতা। বিষয়টি বুঝতে পেরে বিরতির পর আর ঝুঁকি নেননি কোচ কার্লো আনচেলত্তি। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাকে মাঠ থেকে তুলে দিয়ে তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে নামানো হয়।

ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় পাকেতাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়, যা ব্রাজিল সমর্থকদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। তার চোটের প্রকৃতি জানতে মঙ্গলবার বিস্তারিত মেডিকেল পরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে শেষ ষোলোর ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন কি না।

তবে চোটের মধ্যেও সতীর্থদের মনোবল বাড়ানোর চেষ্টা করেছেন পাকেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘যেভাবেই হোক না কেন, শেষ পর্যন্ত আমরা একসঙ্গেই লড়ে যাব।’

শেষ ষোলো নিশ্চিত করা ব্রাজিল এখন অপেক্ষায় রয়েছে নরওয়ে ও আইভোরি কোস্টের মধ্যকার ম্যাচের ফলের। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত সেই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষেই আগামী রোববার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন