মেহেরপুরে গাংনীতে জেলা পরিষদের উদ্যোগে একটি হেয়ারিং বন্ড (এইচবিবি) সড়ক নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদ এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) উপস্থিতির পর বিএসএফ সদস্যরা নিজ ভূখণ্ডে ফিরে যান।
রবিবার (২৮ জুন) দুপুরে উপজেলার কাজীপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৭-এস সংলগ্ন এলাকায় বিজিবি ক্যাম্প থেকে ‘আট কবর’ পর্যন্ত সড়কের হেয়ারিং বন্ড (এইচবিবি) নির্মাণকাজ চলাকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ভারতের নদীয়া জেলার গান্ধীনা বিএসএফ ক্যাম্পের তিন সদস্য এসে কাজে বাধা দেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আজিজুল ইসলাম বলেন, বিজিবি ক্যাম্প থেকে আট কবর পর্যন্ত মাটির রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। কৃষিপণ্য পরিবহন ও সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। তাই জেলা পরিষদের অর্থায়নে সড়কটি হেয়ারিং বন্ড (এইচবিবি) করা হচ্ছে। কাজ চলাকালে বিএসএফের সদস্যরা এসে বাধা দেন।
কাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলম হুসাইন বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় অতীতেও একাধিকবার এ সড়ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হলেও বিএসএফ আপত্তি জানিয়েছে।
তিনি বলেন, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে প্রশাসনের পক্ষ থেকে ‘আট কবর’ এলাকায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তাই এ সড়কটি স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমের জন্যও গুরুত্বপূর্ণ।
তবে কাজীপুর বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান বলেন, বিএসএফ রাস্তার কাজে বাধা দিয়েছে, বিষয়টি তার জানা নেই।
কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা বা অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা ও সিদ্ধান্ত প্রয়োজন। এ কারণে বিষয়টি সমাধানের লক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানোর কার্যক্রম চলছে। তবে রাস্তা নির্মাণকাজে বিএসএফ বাধা দিয়েছে, এমন তথ্য সঠিক নয় বলে তিনি মন্তব্য করেন।
খুলনা গেজেট/এএজে

