শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

চুয়াডাঙ্গায় শ্বাসনালীতে দুধ আটকে ৩ মাসের শিশুর মৃত্যু

গেজেট প্রতিবেদন

চুয়াডাঙ্গার জীবননগরে মায়ের দুধ পানের পর শ্বাসনালীতে তা আটকে মেঘলা ঘোষ নামে তিন মাস বয়সী এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) ভোরে জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত মেঘলা ঘোষ ওই এলাকার বাসিন্দা মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির ছোট মেয়ে।

শিশুটির পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে শিশুটির মা সরস্বতী ঘোষ মেঘলাকে দুধপান করিয়ে ঘুম পাড়িয়ে দেন। এর কিছুক্ষণ পর শিশুটির বাবা ঢাকা থেকে বাড়িতে ফেরেন। তিনি ঘুমন্ত মেয়েকে কোলে নিলে তার শরীর অস্বাভাবিক ও নিস্তেজ মনে হয়। একপর্যায়ে দেখা যায় শিশুটির মুখ কালচে হয়ে গেছে এবং হাত-পা কোনও সাড়া মিলছে না। পরে দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম জানান, ভোরে তিন মাস বয়সী ওই শিশু কন্যাকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার প্রায় ১ থেকে ২ ঘণ্টা আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের দুধ পানের পর তা শ্বাসনালীতে আটকে দম বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্বাসনালীতে দুধ আটকে এক শিশু কন্যার মৃত্যুর বিষয়টি পুলিশ জেনেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন