চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে জুবায়ের (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ভাংবাড়ীয়া ইউনিয়নের ভোগাইল বগাদি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জুবায়ের ওই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। তিনি চলতি বছর ভোগাইল-বগাদী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, দুপুরে জুবায়ের বাড়িতে অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি বাড়ির গ্রিলে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুবায়েরের বন্ধু শাকিল জানান, দুপুরে বাড়িতে থাকার সময় হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। বাড়ির গ্রিলের সঙ্গে জড়িয়ে থাকা বৈদ্যুতিক তার লিকেজ থাকায় গ্রিলটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। বিষয়টি পরিবারের সদস্যদের অজানা ছিল। অসাবধানতাবশত গ্রিলে হাত দিলে জুবায়ের বিদ্যুৎস্পৃষ্ট হন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিনা ইসলাম জানান, মৃত অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
খুলনা গেজেট/এএজে

