গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় শাহিদ মাতবর (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
আজ বুধবার (২৪ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবক শাহিদ মাতবর ফরিদপুরের নগরকান্দা উপজেলার উত্তরকান্দি গ্রামের রুস্তম মাতবরের ছেলে।
ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বুধবার সকালে পোনা বাসস্ট্যান্ড এলাকায় একটি গাড়ি নসিমনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহিদ মাতবর নিহত ও দুই জন আহত হন। পরে খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তিনি আরও বলেন, নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/এনএম

