সোমবার । ২২শে জুন, ২০২৬ । ৮ই আষাঢ়, ১৪৩৩

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের মুক্তির উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী

গেজেট প্রতিবেদন

মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশি নাগরিকদের মুক্তির বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের দক্ষ করে তুলতে আধুনিক প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

রবিবার (২১ জুন) প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মালয়েশিয়া সফরে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশি কর্মীদের আরও দক্ষ করে গড়ে তোলা হবে। বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়া শ্রমিকদের ভাষা শিক্ষা ও প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে দেশের টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী এক দশকে বিশ্বের কোন কোন দেশে বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়তে পারে, সে বিষয়েও সরকার পরিকল্পনা করছে।

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের অবদানের প্রশংসা করে তারেক রহমান বলেন, দীর্ঘদিন পর দেশটিতে এসে তিনি পরিচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করেছেন এবং এতে বাংলাদেশি শ্রমিকদেরও ভূমিকা রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, বিদেশে দায়িত্বশীল আচরণ করতে পারলে নিজ দেশকেও কেন একইভাবে পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে না।

প্রবাসীদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানোর বিষয়ে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণেই তিনি এ সফরে এসেছেন। সফরকালে কর্মরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা এবং নতুন শ্রমিক নিয়োগের সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হবে।

তিনি জানান, বর্তমানে মালয়েশিয়ায় দুই হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন কারণে আটক রয়েছেন। তাদের মুক্তির সম্ভাবনা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে মালয়েশিয়ার তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তাদের আমন্ত্রণ জানানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

এর আগে শনিবার (২০ জুন) পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম গণমাধ্যমকে জানান, সফরকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এগিয়ে নিতে টার্মস অব রেফারেন্স (টিওআর) সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করতেও পৃথক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে।

তিনি আরও বলেন, দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, শিক্ষা, কৃষি, জ্বালানি, হালাল শিল্প ও সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয় গুরুত্ব পাবে। এছাড়া মালয়েশিয়ায় নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ এবং রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের ক্ষেত্রে মালয়েশিয়ার সমর্থন নিয়েও আলোচনা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন