মাগুরা সদর উপজেলায় চাচা-ভাতিজার সংঘর্ষ দেখতে গিয়ে ইটের আঘাতে আরব আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের কোদালিয়া শ্রীরামপুর গ্রামের উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত আরব আলী ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে শ্রীরামপুর উত্তরপাড়ার সাখাওয়াত ও হাসানের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে তাদের মধ্যে চলা এই সংঘর্ষ দেখতে গেলে হঠাৎ একটি ইট এসে আরব আলীর মাথায় পড়ে। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশে চাচা ও ভাতিজার মধ্যে সংঘর্ষ চলছিল। পরিস্থিতি দেখতে গেলে তাদের ছোড়া ইটের আঘাতে আরব আলী আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খুলনা গেজেট/এএজে

